ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে, বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে—এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে মাছ ধরা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে শনিবার সকালে তিনটি জলকপাট খুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় মাছ ধরা উৎসব। এতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার আট মাসে কী করেছে, আর কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও জনগণ দেখছে। যারা বিভিন্ন সময়ে লংমার্চ, রোডমার্চ ও বিক্ষোভের কর্মসূচি পালন করেছে, উপনির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তাঁর মতে, বিরোধী দলের বিগত দিনের কর্মকাণ্ডের কারণে জনসমর্থন কমেছে।
এ সময় সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশব্যাপী খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এসব কার্যক্রম তদারকি করছেন। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরে টাঙন ব্যারেজের জলকপাট খুলে দেওয়া হলে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন স্থানীয় জেলে ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন