চার বছর আগে শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় আটকে গিয়েছিল সিনেমার কাজ। বিশেষ করে দেশি রাস্তার কুকুরকে ঘিরে গল্পের বড় অংশ নির্মাণ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। অবশেষে সেই জটিলতা কাটিয়ে নতুন করে নির্মিত হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জানোয়ার-দ্য বিস্ট’। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম আনুষ্ঠানিক পোস্টার। এতে থ্রিলারের আবহ ফুটে উঠেছে, যা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি করেছে কৌতূহল।
জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশের পাশাপাশি সিনেমাটি নির্মাণের পেছনের নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, ‘জানোয়ার’-এর গল্প তৈরি হয়েছিল অনেক আগেই। ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও গল্পের অন্যতম প্রধান উপাদান দেশি রাস্তার কুকুর নিয়ে সমস্যায় পড়তে হয় নির্মাতাদের। সিনেমার প্রায় ৭০ শতাংশ দৃশ্যজুড়ে রয়েছে এসব কুকুর। গল্পের প্রয়োজনে তাদের উপস্থিতি, আচরণ এবং মানুষের সঙ্গে তাদের সম্পর্ক পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা ছিল বড় চ্যালেঞ্জ।
এ জন্য প্রশিক্ষিত দেশি কুকুর খুঁজতে গিয়ে বিভিন্ন সময়ে ব্যর্থ হতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। এমনকি জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ১০টি প্রশিক্ষিত দেশি কুকুর সরবরাহ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও আশানুরূপ সাড়া মেলেনি। ফলে একপর্যায়ে সিনেমাটির কাজ স্থগিত রাখতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।
কুকুরের পাশাপাশি সিনেমার চরিত্রগুলোর সঙ্গে মানানসই অভিনয়শিল্পী খুঁজে পাওয়াও ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ। জাজ মাল্টিমিডিয়া জানায়, গত কোরবানির ঈদের সময় তরুণ নির্মাতা জাহিদ জুয়েলের সঙ্গে বৈঠকের পর দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমাটির কাজ নতুন করে গতি পায়। প্রতিষ্ঠিত নায়ক-নায়িকার পরিবর্তে গল্পের চরিত্রের সঙ্গে মানানসই নতুন মুখ নিয়ে কাজ করতে চেয়েছিলেন পরিচালক। তার পরিকল্পনায় আস্থা রেখে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেয় জাজ। দীর্ঘ চার মাসের চেষ্টায় খুঁজে পাওয়া যায় কাঙ্ক্ষিত নবাগত নায়ক ও নায়িকাদের।
সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীতেও থাকছে ভিন্নতা। ১৯৬৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘জানোয়ার’। এর একটি বড় অংশজুড়ে রয়েছে ১৯৬৫ সালের সদরঘাটের জেটির প্রেক্ষাপট। সেই সময়ের পরিবেশ, লোকেশন এবং কুকুরের দৃশ্যগুলো পর্দায় ফুটিয়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভিজ্যুয়াল ইফেক্টসের (ভিএফএক্স) সহায়তা নেওয়া হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, বাস্তব অভিনয়শিল্পীরা গ্রিন স্ক্রিনের সামনে অভিনয় করেছেন এবং নিজেদের সংলাপের কণ্ঠ নিজেরাই ধারণ করেছেন। পরে প্রযুক্তির সহায়তায় তাদের অভিনয়ের সঙ্গে গল্পের সময়কাল ও পরিবেশের সামঞ্জস্য তৈরি করা হয়েছে।
চারজন নবাগতসহ সিনেমাটিতে মোট ১৫০ জন অভিনয়শিল্পী কাজ করছেন। নবাগতদের মধ্যে রয়েছেন সাজ ও আবন্তিকা। এছাড়া, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অবন্তী, নুসরাত, আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি ও শাহ আলম সরকারসহ আরো অনেকে।
সিনেমাটির মূল ভাবনায় রয়েছেন শাহ আলম সরকার। কাহিনি ও সংলাপ লিখেছেন শাহ আলম সরকার ও আবদুল আজিজ। প্রযোজনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রধান নায়ক-নায়িকাদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। দীর্ঘ অপেক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে ‘জানোয়ার’ শেষ পর্যন্ত দর্শকের সামনে কেমন গল্প নিয়ে হাজির হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন