দিনাজপুরের ফুলবাড়ীতে একটি বাসাবাড়িতে এসির কম্প্রেসর বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, টাকা ও কাগজপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী পৌরসভার স্বজনপুকুর (বুন্দিপাড়া) এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, চারতলা ভবনটির নিচতলায় পরিবার নিয়ে বসবাস করেন বাড়ির মালিক নুর আলম সরকার হিরা।
খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের আসবাবপত্র, পোশাক, স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। তবে ভবনের ওপরের তলাগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাড়ির মালিক নুর আলম সরকার হিরা বলেন, ‘বাজার থেকে ফিরে দেখি, বাসায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার সন্তান ঘরে ঘুমিয়ে ছিল। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ রেদওয়ানুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়ির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, এসির কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন