কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা নারী।
খলিলউল্লাহ উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামের জামাতউল্লাহর ছেলে।
শনিবার সকালে শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের জমিতে বেগুন ক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে একটি বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি খলিলউল্লাহকে কামড় দেয় । একই সঙ্গে পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুনকেও কামড়াতে থাকে। এতে দুজনই গুরুতর আহত হন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে খলিলউল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন