পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিট কমান্ড। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
সোমবার (২ নভেম্বর) সকালে নগরীর কাচারী বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আনসার আলী। এতে বক্তব্য দেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব আব্দুস সাত্তার, সাবেক ডেপুটি কমান্ডার মঞ্জুরুল ইসলামসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়েই অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের অবদানের বিনিময়ে দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরাসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করছে।
তারা আরও বলেন, যে রাষ্ট্র প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, সেই রাষ্ট্রে স্বাধীনতার ৫৫ বছর পরও তাদের লাঞ্ছিত ও অসম্মানিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়।
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সুরক্ষা, মর্যাদা ও সম্মান রক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন