রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে যৌথভাবে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম চালু করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রংপুর সিটি করপোরেশন। এ কর্মসূচির আওতায় মা, শিশু, চক্ষুরোগীসহ বিভিন্ন শ্রেণির রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মো. মিরাজুল মুহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন এবং রংপুর গ্রুপের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সরকার। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক, আমন্ত্রিত অতিথি ও সেবাগ্রহীতা রোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের আওতায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসাসহ অন্যান্য রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে নগরীর ৩৩টি ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণ সহজতর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন