দোকানের সামনেই দাঁড়িয়ে ছিলেন ৬০ বছর বয়সি মুদি ব্যবসায়ী বাবর আলী। মুহূর্তেই দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন আটক করেন অটোরিকশাটি। তবে বৃদ্ধের মৃত্যুর পর আটক সেই গাড়ি নিয়ে শেষ পর্যন্ত সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুরে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কদমের তল বাজারে বাবর আলীর একটি মুদি দোকান রয়েছে। ছেলেকে সঙ্গে নিয়ে তিনি দোকানটি পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে নিজের দোকানের সামনেই দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন অটোরিকশাটি আটক করেন। একজন মানুষের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার বলেন, অটোরিকশাচালক তাদের এলাকার পরিচিত ব্যক্তি। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো আইনি অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে আটক অটোরিকশাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উলিপুর থানার ওসি শওকত আলী বলেন, অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন