পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যালয়ের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে ও জমি পুনরুদ্ধারে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে উপজেলার বোদা বাজারে পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম, কলেজ শাখার শিক্ষক নুরে আলম জাকারিয়া রতন, স্কুল শাখার সহকারী শিক্ষক আলমগীর হোসেন, ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক হাওয়ানুর লিপি আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বোদা পৌরসভার মসলেমপুর মৌজার ৩৬৫ দাগে ৩৬.৫ শতক জমি বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই মালিকানা লাভ করে। কিন্তু ওই জমি নিজেদের দাবি করে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করছেন বদিউজ্জামান বদি, জহিরুল ইসলাম, মাহমুদুল হক, গোলাম ফারুক সহ তাদের পরিবারের লোকজন। তারা জমিটি নিজেদের দাবি করছে অথচ তাদের কাছে কোন কাগজ নেই। তারা উল্টো স্কুলের জমি ফেরত না দিয়ে আদালতে মামলা করেছে। সেই রায়ে বিদ্যালয় জমিটির মালিকানা ফিরে পায়। কিন্তু তারা আবারো আদালতের মাধ্যমে জমিতে নিষেধাজ্ঞা আরোপ করে। বিদ্যায়ল কর্তৃপক্ষ সেখানে না গেলেও দখলদারেরা উল্টো অবৈধ স্থাপনা নির্মান করছে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।
বক্তারা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দ্রুতই জমি উদ্ধারের দাবি করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন