প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরো বিস্তৃত করার প্রত্যয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
বইমেলা কমিটির প্রধান সমন্বয়ক ও উদীচীর সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসবে বই প্রদর্শনী, বিক্রির পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও মেগা কনসার্ট। এ কনসার্টে সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ান সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ।
গত ১০ ও ১১ অক্টোবর, যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টার এবং রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হয় এই উৎসব। এতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের একটি বাণী পাঠ করা হয়।
উৎসবের প্রথম দিন ব্রাডি আর্টস সেন্টারে ছিল বই প্রদর্শনী ও বিক্রির আয়োজন। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলাকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
দ্বিতীয় দিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত মেগা কনসার্ট। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর মঞ্চে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ। তাদের জনপ্রিয় গানে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। দুই বরেণ্য শিল্পীর পরিবেশনা ঘিরে কনসার্টে তৈরি হয় বাড়তি উন্মাদনা।
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রবাসীদের সংযোগ আরো দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন