দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দুটি চোরাই ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ৩ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ রাসেদুল রহমান ওরফে দুলাল (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চাবিসহ একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার আব্দুল আলিম (৪২), লাল বাবু (৪৩) ও মোঃ ইউসুফ (২৭) পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
পরবর্তীতে গ্রেপ্তার রাসেদুল রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১টা ২৫ মিনিটে বেলাইচণ্ডী বাজার গ্রামের ইপিজেড-সংলগ্ন শহিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের দল। সেখানে মোঃ সাইফুল ইসলাম (২৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চাবিসহ একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি মোটরসাইকেল এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুইজনসহ পলাতক ব্যক্তিরা দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেলগুলো চুরি করেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন