কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার সোনাতলী দক্ষিণপাড়া এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে গর্ভবতী ও প্রসূতি মায়েদের প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনা মূল্যে চোখের নিকটদৃষ্টি পরীক্ষা এবং যক্ষ্মা শনাক্তে কফ পরীক্ষা করা হয়। পাশাপাশি যক্ষ্মায় আক্রান্ত রোগীদের ব্র্যাকের মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়।
স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আশরাফুল আলম, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার হরিশ চন্দ্র বর্মণ, আলট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক তালেবুর রহমান ও যক্ষ্মা কর্মসূচির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রায়।
ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির কর্মসূচি সংগঠক ও মাঠসংগঠকেরা ক্যাম্পের বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করেন। ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রান্তিক জনগোষ্ঠীর গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ডায়াবেটিস পরীক্ষা, চোখের নিকটদৃষ্টি পরীক্ষা এবং যক্ষ্মা শনাক্তকরণে।
ক্যাম্প পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ আয়োজকদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন