দীর্ঘদিনের পুরোনো একটি গান নতুন করে তৈরি করে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। ‘অশ্রু’ শিরোনামের গানটির কথা ও সুরে রয়েছে স্মৃতিমেদুর আবহ। গানটির সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন এবং গিটারও বাজিয়েছেন ফাহিম নিজেই।
‘অশ্রু’ গানটির কথা লিখেছেন সিমন। ফাহিম ইসলামের সুর ও কণ্ঠের সঙ্গে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গায়ক, সুরকার ও গিটারশিল্পী—তিন ভূমিকাতেই গানটিতে যুক্ত হয়েছেন ফাহিম। নিজের সুরে গানটি নতুনভাবে তৈরি করে শ্রোতাদের কাছে ভিন্ন এক সংগীত-অনুভূতি পৌঁছে দিতে চান তিনি।
গানটি তৈরির পেছনের গল্প জানিয়ে ফাহিম ইসলাম বলেন, “২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলাম। তখন আমি ব্যান্ড করতাম। নিজের ভালো লাগা থেকেই এত বছর পর নতুন করে গানটি তৈরি করেছি। তবে চেষ্টা করেছি সেই সময়ের ব্যান্ডের আবহ ও পুরোনো স্বাদটা ধরে রাখতে। গানটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি, নতুনভাবে করা ‘অশ্রু’ শুনে শ্রোতারাও সেই পুরোনো দিনের কিছুটা অনুভূতি খুঁজে পাবেন।”
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফাহিম ইসলামের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ফেসবুকসহ জনপ্রিয় সব ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে তার আরো দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। এছাড়া, প্রায় ২০টি একক গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন এই শিল্পী। সংগীতশিল্পী পরিচয়ের পাশাপাশি ফাহিম দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্ণধার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন