দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা ইজতেমায় দিনাজপুরে সবচেয়ে বড় জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে ইমামতি করেন কাকরাইলের মুরুব্বী মুফতি সৈয়দ ওসামা ইসলাম।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে বেলা দেড়টায় জেলা ইজতেমায় এই বড় জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এই জুমার নামাজের জামাতে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
শুক্রবার ফজরের নামাজের পর থেকে দিনাজপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা হতে তাবলীগ জামাতের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে জড়ো হন। বেলা ১১টার পর পরই ইজতেমা মাঠ ভরে যায়।
জুমার নামাজের আগে ইজতেমা মাঠে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন ঢাকার মুরব্বি ডা. জাকির হোসেন। বাদ ফজর বয়ান করেন ঢাকার মুরব্বি মাওলানা মোহাম্মাদুল্লাহ।
দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে ৬ হতে ৮ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ৩ দিনব্যাপি ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ৮ নভেম্বর ২০২৬ তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপি জেলা ইজতেমা শেষ হবে। আখেরি মুনাজাতে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা আশা করছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মত জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এর পর ২০২২ সালের ৩১ মার্চ হতে ২ এপ্রিল পর্যন্ত দ্বিতীয়বারের মত এবং ২০২৩ সালের ২ মার্চ হতে ৪ মার্চ পর্যন্ত তৃতীয়বার, ২০২৪ সালে ৫-৭ সেপ্টেম্বর পর্যন্ত চতুর্থবার দিনাজপুরে ৩ দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এটি পঞ্চম জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন