৩৭২টি জটিল গাণিতিক সমস্যা নিয়ে সাতশ পৃষ্ঠার নথি প্রকাশের কয়েক সপ্তাহের মাথায় আরও কিছু বৈজ্ঞানিক সমস্যা সমাধান ও নতুন অগ্রগতির কথা জানিয়েছে মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই। এবার গণিতের পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের জটিল সমস্যায় নতুন ফল পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন গবেষণার ফলাফল প্রকাশ ও যাচাইয়ের জন্য ওপেনএআই ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করছে। গণিতের ফলাফল সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে অন্য গবেষকেরা সেগুলো পর্যালোচনা করে ব্যাখ্যা দিতে পারেন। অন্যদিকে, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের গবেষণায় বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।
কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষজ্ঞরা নিজেদের ব্যাখ্যা ও সারসংক্ষেপ তৈরি করছেন। পাশাপাশি এআই মডেলের তৈরি মূল ফলাফলও সবার জন্য উন্মুক্ত রেখেছে ওপেনএআই। তবে পদার্থবিজ্ঞানের গবেষণার তথ্য এখনই প্রকাশ না করে পর্যালোচনাকারী দলের হাতে রাখা হয়েছে। গবেষণার পুরো প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত চেয়েছে প্রতিষ্ঠানটি। এ-সংক্রান্ত দুটি নতুন পান্ডুলিপি কোডিং প্ল্যাটফর্ম গিটহাবে প্রকাশ করা হয়েছে, যা গবেষক ও আগ্রহী ব্যক্তিরা দেখতে পারবেন।
প্রকাশিত পান্ডুলিপির একটিতে তরঙ্গের গতিবিধি ও আচরণ ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত ‘সোগেস লোকাল স্মুথিং’ নামের একটি গাণিতিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে। ওপেনএআইয়ের দাবি, তাদের এআই মডেল দেখিয়েছে যে সব ধরনের স্থান ও মাত্রায় তরঙ্গের ক্ষেত্রে এই গাণিতিক ধারণাটি সত্য। এ ধরনের ফল তরঙ্গের আচরণ সম্পর্কে গাণিতিক বিশ্লেষণকে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করতে পারে। তবে গবেষণার ফল স্বাধীনভাবে যাচাই ও ব্যাখ্যা করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
অন্য পান্ডুলিপিতে কম্পিউটার বিজ্ঞানের বহুল আলোচিত ‘এক্সপোনেনশিয়াল টাইম হাইপোথিসিস’ (ইটিএইচ) নিয়ে নতুন ফলাফল তুলে ধরা হয়েছে। ওপেনএআইয়ের দাবি, তাদের এআই মডেল এই ধারণাকে চ্যালেঞ্জ করে এমন ফল দিয়েছে, যা জটিল গাণিতিক সমস্যার সমাধান নিয়ে প্রচলিত ধারণাকে নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি করতে পারে। এতদিন কম্পিউটার বিজ্ঞানের তাত্ত্বিক গবেষণায় ইটিএইচকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। ডেটাবেইস, কম্পিউটেশনাল বায়োলজি ও জ্যামিতিসহ বিভিন্ন ক্ষেত্রে এই ধারণার ওপর ভিত্তি করে শত শত গবেষণাপত্র তৈরি হয়েছে। ধারণাটি ভুল প্রমাণিত হলে তাত্ত্বিকভাবে এসব ক্ষেত্রে আরও দ্রুত ও দক্ষ অ্যালগরিদম তৈরির সুযোগ তৈরি হতে পারে। তবে এআইয়ের দেওয়া ফলাফলের যথার্থতা ও তাৎপর্য নির্ধারণে বিশেষজ্ঞদের যাচাই গুরুত্বপূর্ণ।
ইটিএইচ তত্ত্বের প্রাথমিক প্রস্তাবকদের কয়েকজনও নতুন ফলাফল পরীক্ষা ও ব্যাখ্যার জন্য গঠিত বিশেষজ্ঞ দলে রয়েছেন বলে জানিয়েছে ওপেনএআই।
পদার্থবিজ্ঞানের গবেষণায় চার মাত্রায় গেজ ফিল্ড ও ফার্মিয়নযুক্ত পরস্পর ক্রিয়াশীল কোয়ান্টাম ফিল্ড তত্ত্বের গাণিতিক প্রমাণ রয়েছে। তবে ফলাফল যাচাইয়ের দায়িত্বে থাকা দলটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। গবেষণার বিষয়ে প্রশ্ন করার জন্য দলটি একটি ইমেইল ঠিকানা প্রকাশ করেছে। ওপেনএআই জানিয়েছে, এসব বৈজ্ঞানিক সমস্যা সমাধানে তাদের এআই মডেলগুলোর অবদানের জন্য প্রতিষ্ঠানটি কোনো একাডেমিক কৃতিত্ব বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দাবি করবে না। বরং গবেষণার ফল বিশ্লেষণ, যাচাই ও নথিবদ্ধ করার কাজে যুক্ত গবেষক ও বিশেষজ্ঞদেরই কৃতিত্ব দেওয়া হবে। এ ছাড়া এআই মডেলগুলো যেন অন্য গবেষকদের আগের উদ্ভাবন, প্রযুক্তি ও ধারণার যথাযথ স্বীকৃতি দেয়, তা নিশ্চিত করার বিষয়টিও বিশেষজ্ঞ দলগুলোর তদারকিতে থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন