যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোকছেদ আলী মঙ্গোলিয়া।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল এবং জেলা বিএনপির সহসভাপতি মো. খালেকুজ্জামান বাবু।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা উন্মুক্ত বিষয়ে ছবি আঁকে। ‘খ’ বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় নির্ধারণ করা হয় ‘শিশুদের জিয়াউর রহমান’। আর ‘গ’ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-জনতার রাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমান’।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন