দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নান, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
অন্যদিকে, একই দিন দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমিরুল বাহারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন