সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূল এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক নাটিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। নাটিকাটির মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রমের কুফল, শিশুদের অধিকার, শিক্ষা গ্রহণের গুরুত্ব এবং নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলের দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান আনিস ৬ নং নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন ডরিস লিয়া হাসদা প্রোগ্রাম অফিসার, সরলা মুর্মু স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মিলন হোসেন, শ্যামল চন্দ্র রায় এবং এলাকার বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, কিশোর-কিশোরী ও স্থানীয় জনগণ।
নাটিকায় বাস্তবধর্মী ঘটনার মাধ্যমে দেখানো হয়, কীভাবে বাল্যবিবাহ একটি কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য ও স্বপ্নকে বাধাগ্রস্ত করে এবং শিশুশ্রম শিশুদের শৈশব ও বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে শিশুদের বিদ্যালয়ে পাঠানো, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক ও যুব সমাজকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি শিশুবান্ধব সমাজ গঠন সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নাটিকাটি পরিবেশন করেন ইমপ্যাক্ট প্লাস দলের সদস্যরা। তাদের প্রাণবন্ত ও শিক্ষণীয় পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যক্তিরা শিশুদের অধিকার রক্ষায় এবং বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন