বিশ্রামের সময় এখনো আসেনি, দলের স্বার্থে নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বিএনপি আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু মিছিলের সামনে হাঁটলে কিংবা সালাম দিলেই নেতা হওয়া যায় না। দলের প্রতি আনুগত্য থাকতে হবে এবং প্রতিটি কর্মসূচিতে আন্তরিকভাবে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, খানসামা-চিরিরবন্দরের মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি সংসদ সদস্য থেকে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পেয়েছেন। এই সম্মান ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব শুধু তাঁর একার নয়, দলের প্রত্যেক নেতাকর্মীর। জনগণের দেওয়া সম্মান ও আস্থা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তাই নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে কঠিন সময়েও দলের পাশে থেকে ত্যাগের প্রমাণ দিতে হবে।
তিনি নেতাকর্মীদের মাদক, অনলাইন জুয়া, চাঁদাবাজি ও অনিয়ম থেকে দূরে থাকার আহ্বান জানান। জনগণের সঙ্গে ভালো আচরণ এবং জমিজমাসহ বিভিন্ন বিরোধে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া যাবে না। দলের সুনাম রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
এর আগে পাকেরহাটের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম বুলবুল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসলেম উদ্দিন সরকার। সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাফিকুল আলম। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন