আজ উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী শ্যামার আরাধনায় মুখরিত রয়েছে দেশের বিভিন্ন মন্দির প্রাঙ্গণ।
সন্ধ্যা নামতেই অমাবস্যার অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে প্রদীপের আলো। প্রদীপের এই দীপ্তিময় আলোকশিখা অন্ধকার দূর করার প্রত্যয় ও মঙ্গলের বার্তা নিয়ে হাজির হয়। তিথি অনুযায়ী সন্ধ্যা ৭টায় শুরু হয় দীপাবলির আনুষ্ঠানিকতা, যেখানে শিশুসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। এ সময় প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হয় স্বর্গীয় পিতা-মাতা, পিতৃপুরুষ ও স্বজনদের।
ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে দেবী শ্যামার কাছে ভক্তদের মূল প্রত্যাশা—সমাজ থেকে চিরতরে দূর হোক হিংসা, বিদ্বেষ ও অশান্তি।
হিন্দু পুরাণ অনুযায়ী, অসুরদের অত্যাচারে দেবতা ও মানুষের জীবন যখন বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গার কপাল থেকে আবির্ভূত হন মা কালী। তাঁর এই রূপ শক্তি, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চিরন্তন প্রতীক।
এদিকে তিথি অনুযায়ী রাত ১২টায় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তদের মাঝে দেওয়া হবে পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে সম্পন্ন হবে এই ধর্মীয় উৎসব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন