নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলে একসময় ব্যাপক ভাবে চাষ হতো নানা জাতের ঐতিহ্যবাহী দেশি সুগন্ধি ধান। এসব ধান থেকে তৈরি চালের বিশেষ ঘ্রাণ ও স্বাদের কারণে ছিল ব্যাপক চাহিদা। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের ধানের বিস্তারের পাশাপাশি নানা অর্থ সামাজিক কারণে ক্রমেই হারিয়ে যাচ্ছে দেশি সুগন্ধি ধানের আবাদ। ফলে বিলুপ্তির পথে এ অঞ্চলের কৃষি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অংশ।
ধান কেনা ব্যবসায়ী রতন চন্দ্র রায় বলেন, দেশি সুগন্ধি ধানের মধ্যে কাটারিভোগ, বাংলামতি, কালিজিরাসহ বিভিন্ন জাতের চাল একসময় মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিল। এসব ধানের চাল সাধারণত আকারে ছোট ও কিছুটা গোলাকার। রান্নার পর ছড়িয়ে পড়ে মনমাতানো সুগন্ধ। বিশেষ করে পোলাও, বিরিয়ানি, কাচ্চি, জর্দা, ভুনা-খিচুড়ি, ছিরনি ও পায়েশসহ নানা সুস্বাদু খাবার তৈরিতে এসব চালের ব্যবহার রয়েছে।
কৃষক আমিনুর রহমান বলেন, সাধারণত আমন মৌসুমে সুগন্ধি ধানের চাষ হয়ে থাকে। এসব জাতের বেশির ভাগই দিনের দৈর্ঘ্য কমে এলে হেমন্তকালে ধানে ফুল ও দানা আসে। একসময় উত্তরাঞ্চলের কৃষকেরা পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রির জন্যও এসব ধানের আবাদ করতেন। বিঘা প্রতি ১০ মন ফলন কম হরেও দাম ছিলো চড়া।
বিয়ে,ও সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে সুগন্ধি চালের খাবারের কদর রয়েছে। এমনকি দেশের বিভিন্ন নামিদামি হোটেল, রেস্তোরাঁ ও পর্যটনকেন্দ্রেও সুগন্ধি চাল দিয়ে তৈরি নানা খাবার পরিবেশন করা হয়। তবে দেশি সুগন্ধি চালের গুণগত মান ও বিশেষত্ব সম্পর্কে প্রচারণার অভাবে অনেক ক্ষেত্রেই বিদেশি বাসমতি চালের প্রতি আগ্রহ বেশি দেখা যায়।
সংশ্লিষ্টদের মতে, দেশি সুগন্ধি ধানের আবাদ বাড়াতে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি উন্নত বীজ সংরক্ষণ, বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দেশি সুগন্ধি চালের গুণাগুণ তুলে ধরে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে এর ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া জরুরি।
সুগন্ধি চাল রপ্তানি বন্ধ থাকায় নীলফামারীর কৃষকদের সামনে আরেকটি অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৮ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, কিছু পরিমাণ সুগন্ধি চাল রপ্তানি হলেও বর্তমানে রপ্তানি বন্ধ রয়েছে। এ অবস্থা দীর্ঘ হলে রপ্তানির জন্য চাল সরবরাহকারী মিলগুলো ধান কেনা কমিয়ে দিতে পারে। এতে আমন ধান ঘরে তোলার সময় স্থানীয় হাটে কৃষকের ভালো দাম পাওয়ার সুযোগ কমে যাবে।
কালিজিরা ও কাটারিভোগের মতো দেশি জাতের ফলন তুলনামূলক কম হওয়ায় বাড়তি দামেই এসব ধান চাষের বড় আকর্ষণ। সেই দাম না পেলে আগামী মৌসুমে কৃষকেরা সুগন্ধি ধানের জমিতে উচ্চফলনশীল জাত বেছে নিতে পারেন।
তা না হলে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী দেশি সুগন্ধি ধানের অনেক জাতই একসময় পুরোপুরি হারিয়ে যেতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন