এপেক সম্মেলনে চীনা ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের। হরমুজ প্রণালি খুললে ও পরমাণু আলোচনায় অগ্রগতি হলে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম।
ইরান যুদ্ধ, পরমাণু নিরস্ত্রীকরণ ও হরমুজ প্রণালি নিয়ে আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে তাদের সঙ্গে কথা বলার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেছেন, আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণ এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি গুরুত্ব পাবে। আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনার মধ্যে এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ট্রাম্প জানিয়েছেন, ইরানের স্থলপথে সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবরোধ কার্যকর হয়েছে। তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অগ্রগতি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার উদ্যোগ সফল হলে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা ‘খুবই কম’।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সংঘাত বাড়ালে ইরান ‘নরক নামিয়ে আনবে’।
একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দুই দিনের প্রস্তাব গ্রহণ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালু করা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
ইরানের পরিবহন ও সরবরাহ ব্যবস্থাকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের পদক্ষেপের মধ্যেই এ বক্তব্য দিয়েছেন তিনি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার অগ্রগতি হলে সামরিক সংঘাত এড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ইরাকের কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাস স্থাপনায় ড্রোন হামলার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
গ্যাস স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ হামলা অঞ্চলটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ, নতুন হামলার হুমকি এবং হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।
সূত্র: রয়টার্স, আল জাজিরা ও ডন
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন