প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ।
আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে তিনি সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং জলবায়ুবিষয়ক আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া সহ-সভাপতির দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করা হয়েছে।
পররাষ্ট্র সচিব আরও জানান, আন্তঃমন্ত্রণালয় আলোচনা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এ অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের প্রচেষ্টা, অভিজ্ঞতা ও সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
ব্রিফিংয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ক) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘আশা করছি এই কর্মসূচিগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।’
প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন একটি সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, যেখানে দুই দেশের সামগ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন