গুণগত মানের পেঁয়াজ চাষ, বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কৃষকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ এবং পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামারসংলগ্ন পেঁয়াজক্ষেত এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। প্রকল্পটিতে অর্থায়ন করেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)।
এ সময় ৩০ জন কৃষকের মধ্যে মোট তিন হাজার পেঁয়াজের চারা এবং জনপ্রতি এক হাজার (৩০ গ্রাম) করে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আলী রেজা ফারুক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমদ, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো. মনোয়ার করিম খান এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শরীফ আর রাফি। এ সময় গবেষণাসংশ্লিষ্ট এমএস শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। তিনি বলেন, দেশে পেঁয়াজের চাহিদা ৩০ লাখ মেট্রিক টন। তবে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এ ছাড়া দেশের আবহাওয়ায় মানসম্মত পেঁয়াজের বীজ উৎপাদনও বেশ চ্যালেঞ্জিং। এসব সমস্যা সমাধানে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ১০০টি পেঁয়াজের লাইন সংগ্রহ করে গবেষণা করা হচ্ছে। এরমধ্যে পলিটানেলের মাধ্যমে গ্রীষ্মকালীন চাষের উপযোগী কয়েকটি জাত নির্বাচন করা হয়েছে, যেগুলো ভালো ফলন দিয়েছে।
তিনি আরও বলেন, আগে শুধু শীতকালেই পেঁয়াজ চাষ করা হতো, যা ছিল প্রচলিত চর্চা। তবে বর্তমানে সারা বছরই পেঁয়াজ চাষ করা সম্ভব হচ্ছে। গবেষকদের উদ্ভাবিত নতুন জাতগুলোর মাধ্যমে গরম আবহাওয়াতেও পেঁয়াজ উৎপাদন করা যাচ্ছে। গ্রীষ্মকালীন ও শীতকালীন- উভয় মৌসুমে পেঁয়াজ চাষের ফলে দেশ এখন এ ফসলে স্বয়ংসম্পূর্ণ। পেঁয়াজ আমদানিরও প্রয়োজন হচ্ছে না বলে তিনি জানান।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো. মনোয়ার করিম খান বলেন, পাঁচ বছর আগেও দেশে পেঁয়াজের উৎপাদন ছিল ২৫ লাখ মেট্রিক টন। সে সময় সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে যাওয়ায় ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হতো। তবে বর্তমানে উৎপাদন বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৩৮ দশমিক ১৯ লাখ মেট্রিক টন। অন্যদিকে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ৩০ লাখ মেট্রিক টন। এ বছর এক লাখ মেট্রিক টনও আমদানি করতে হয়নি। অল্প কিছু, ৮৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। এতে আগের তুলনায় অনেক আমদানি ব্যয় সাশ্রয় হয়েছে।
পেঁয়াজের চাহিদার বিষয়ে তিনি বলেন, ‘পেঁয়াজ একটি পলিটিক্যাল ক্রপ। কারণ, রোজা বা কোনো উৎসব এলে পেঁয়াজের চাহিদা অনেক বেড়ে যায়। দেখা যায়, এক মাসের রোজায় যে পরিমাণ পেঁয়াজ প্রয়োজন হয়, তা সাধারণত তিন মাসের চাহিদার সমান। তখন পেঁয়াজের দাম বেড়ে যায়, মানুষের ভোগান্তিও বাড়ে। সেই চাপ সরাসরি সরকারের ওপর পড়ে- সরকার কেন পেঁয়াজ আমদানি করতে পারছে না। তাই আমাদের মানসম্মত পেঁয়াজের উৎপাদন আরও বাড়াতে হবে। এতে আমরাও ভালো থাকব, দেশও ভালো থাকবে।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলী রেজা ফারুক বলেন, পেঁয়াজ দেশের একটি অর্থকরী ফসল। আমরা পেঁয়াজকে মসলা হিসেবে ব্যবহার করলেও অন্যান্য দেশে এটি সবজি ও সালাদ হিসেবে ব্যবহৃত হয়। পেঁয়াজ উৎপাদনে দেশ মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। মানসম্মত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণকাল দীর্ঘায়িত করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও পেঁয়াজের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন