দিনাজপুরের বিরামপুরে বিষ মেশানো স্পিড (কোমল পানীয়) পান করায় শাহাদৎ হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গত ৪ নভেম্বর নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিহত শাহাদৎ হোসেন বিরামপুর উপজেলার ৬ নম্বর জোতবানী ইউনিয়নের ধনসাডাঙ্গা গ্রামের জাকেরুল ইসলামের ছেলে।
মামলার আসামিরা হলেন— নিহতের স্ত্রী তামান্না (১৯), শ্বশুর কামাল (৪৫), শাশুড়ি সুলতানা (৪২), শ্যালিকা কামরুন্নাহার আশা (২০) এবং হাবিবপুর বাজারের কীটনাশকের দোকানের কর্মচারী মশফিকুর (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর শাহাদৎ ও তামান্নার বিয়ে হয়। ১১ অক্টোবর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আসামিরা পরিকল্পিতভাবে স্পিডের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে শাহাদৎকে পান করান বলে অভিযোগ করেছেন তার বাবা।
এজাহারের অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্ত্রী তামান্না একটি বোতল থেকে শাহাদৎকে স্পিড পান করতে দেন। পরে বাড়িতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তার শরীরে প্যারাকোয়াট বিষক্রিয়া শনাক্ত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
শাহাদৎ হোসেনকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসা শেষে আবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত গত ৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন