আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে পুলিশের করা মামলায় বিএনপি ও জামায়াত পরিবারের সদস্যকে আসামী করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকায় ভুক্তভোগীদের আয়োজনে হাড়িভাসা-সাহেব বাজার সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় অর্ধশতাধিক নারী, পুরুষ, শিশু সহ ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের সদস্য নাহিদা আক্তার লাজু, সফিয়ার রহমান, ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা বলেন, কিছুদিন আগে সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা করেছে পুলিশ। ওই মামলায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম ও ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানকে ১১ ও ১২ নম্বর আসামী করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান তাদেরকে ওই মামলায় ফাঁসিয়েছেন দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের। তারা এই মামলায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। অবিলম্বে মামলা থেকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রহমান বলেন, আমিনার রহমানের পরিবার জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার এক ছেলে ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক। আমরা অবাক হয়েছি- তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে। পুলিশকে হয়তো ভুল তথ্য দিয়ে তাকে আসামী করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আমার ছোটভাই। সে কখনোই আওয়ামী লীগ করেনি। তাকে এমন মামলায় পরিকল্পিত ভাবে কেউ জড়িয়েছে। পুলিশের প্রতি অনুরোধ সঠিক তদন্ত করে মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হোক।
তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, তাদের সাথে আমার জমি নিয়ে বিরোধ আছে সেটা ঠিক। কিন্তু মামলাটি দায়ের করেছে পুলিশ। আমিতো করিনি। পুলিশ যাচাই বাছাই করে মামলাটি করেছে। আমি কেন তাদের ফাঁসাতে যাবো। আর আমি বললেই কি পুলিশ শুনবে। সারাদেশে তো পুলিশ অভিযান করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোখলেসুর রহমান বলেন, এ বিষয়ে কয়েকদিন আগে একজন ফোন করেছিলেন। বিষয়টি নিয়ে পুলিশ সুপার স্যারের সাথেও কথা হয়েছে। যদি তারা বিএনপি ও জামায়াতের কর্মী হয়ে থাকেন তাহলে আমরা তদন্ত করে বিষয়টি দেখব।
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বলেন, যদি কোন বিএনপি বা জামায়াত কর্মীর নাম মামলায় থাকে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া কাউকেই হয়রানি করা হচ্ছে না।
এর আগে, গত ৩ নভেম্বর ২৮ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করেন উপপরিদর্শক সুমন মন্ডল। মামলায় জাহাঙ্গীরকে ১১ নম্বর এবং আমিনারকে ১২ নম্বর আসামী করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন