দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের পাঁচ মাস পর অভিযুক্ত সহকারী শিক্ষিকা সেলিনা আখতারকে সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়েছে।
এদিকে শিশুটির ন্যায়বিচার ও চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা। পরে মানববন্ধন করেছেন ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার টিএন্ডটি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
ভুক্তভোগী শিশুর বাবা ছাইদুর রহমানের অভিযোগ, বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বেত্রাঘাতে সুমাইয়ার ডান হাত গুরুতর আহত হয়। গত পাঁচ মাস ধরে সে কলম ধরা, লেখালেখি ও দৈনন্দিন স্বাভাবিক কাজ করতে পারছে না। বর্তমানে সে চিকিৎসাধীন।
পরিবারের আরও অভিযোগ, একই শিক্ষিকার বিরুদ্ধে অন্য শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান মেয়ের উন্নত চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করা এবং অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরাও নিরপেক্ষ তদন্ত, শিশু নির্যাতনের ঘটনায় দায়ীদের শাস্তি এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশসংক্রান্ত চিঠি সোমবার (৯ নভেম্বর) শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। আজ অথবা আগামীকালের মধ্যে অভিযুক্ত শিক্ষিকার কাছে চিঠিটি পৌঁছে দেওয়া হবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি এ স্কুলে ২০ বছর ধরে আছি। এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন