রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
গ্রেফতার তরুণরা হলো যশোরের মনিরামপুর উপজেলার মো. রাকিবুজ্জামান রাকিব (২০), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার মো. আসয়োত মুবিন স্বরূপ (১৯), গঙ্গাচড়ার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় (২১) এবং রংপুর নগরীর মহাদেবপুর এলাকার মো. নাহিদ হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কলেজের মূল ফটকের সামনের সড়কে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরোনো সোনালি ব্যাংকের মোড় থেকে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে লাল রঙের গাম টেপে মোড়ানো বিস্ফোরিত ককটেলের তিনটি ছেঁড়া অংশ উদ্ধার করে পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, এ ঘটনায় থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন