নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে তার স্মৃতিকেন্দ্র সংস্কার ও আধুনিকায়নের প্রস্তাবিত ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও স্থগিতাদেশের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেগম রোকেয়ার জন্মভিটায় আয়োজিত মানববন্ধন থেকে দ্রুত প্রকল্প বাস্তবায়ন এবং স্মৃতিকেন্দ্রের উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ তদন্তের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে বাংলা একাডেমির মাধ্যমে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে কথিত ‘গুপ্ত’ ও ‘ফ্যাসিস্ট’ চক্রের টালবাহানা বন্ধ করে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, বেগম রোকেয়ার জন্মভিটার ঐতিহাসিক নিদর্শন হিসেবে তার বসতঘরের অবশিষ্টাংশ, মসজিদের খিলান ও পারিবারিক কবরস্থান এখনো রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে তার জন্মভিটার পাশে প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। বাংলা একাডেমির তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের মূল লক্ষ্য ও উদ্দেশ্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি।
এ ছাড়া ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বেগম রোকেয়ার দেহাবশেষ দেশে এনে জন্মভিটায় সমাহিত করা এবং তার বাস্তুভিটা, স্মৃতিকেন্দ্র, মসজিদ, কবরস্থান, স্কুল-কলেজসহ ঐতিহাসিক স্থাপনাগুলো সমন্বিত করে পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও প্রস্তাবে ছিল।
পরে রংপুর জেলা পরিষদ, গণপূর্ত অধিদপ্তর, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, স্থাপত্য অধিদপ্তর ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে প্রকল্পটির খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়। স্মারকলিপিতে বলা হয়, প্রকল্পটি পরিকল্পনা কমিশনের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছিল এবং পূর্ণাঙ্গ ডিপিপি প্রণয়নের ৭০ থেকে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি একনেকের অনুমোদনের পর্যায়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। পরে তা স্থগিত হয়ে যায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক, সচিব ও সংশ্লিষ্ট প্রশাসনের অসহযোগিতায় প্রকল্পটি বাধাগ্রস্ত হয়েছে। অন্য কিছু প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের উন্নয়ন প্রকল্পটি অগ্রাধিকার পায়নি বলে দাবি করেন তারা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা।
স্মারকলিপিতে দাবি করা হয়, প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে চললেও প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক জটিলতায় তা এগোয়নি। স্মৃতিকেন্দ্র বাংলা একাডেমি, বেগম রোকেয়ার বাস্তুভিটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং স্মৃতিকেন্দ্রের সামনের জায়গা জেলা পরিষদের অধীন হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ে দীর্ঘ সময় লেগেছে।
স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ও রংপুর অঞ্চলের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে স্মৃতিকেন্দ্রটির সংস্কার ও আধুনিকায়নে নতুন প্রকল্প গ্রহণ করে বাংলা একাডেমি। প্রস্তাবিত প্রকল্পের আওতায় নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, নারী লেখক ও নারীবিষয়ক সাহিত্য নিয়ে আধুনিক ডিজিটাল লাইব্রেরি, লোকজ উপাদান নিয়ে গবেষণা এবং বেগম রোকেয়ার স্মৃতি সংরক্ষণের পরিকল্পনা ছিল।
মানববন্ধনে বক্তব্য দেন বেগম রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধন থেকে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার ও আধুনিকায়নের স্থগিত প্রকল্প দ্রুত পুনরায় চালু, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন এবং পায়রাবন্দে বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত সব স্থাপনা সচল ও সংরক্ষণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন