দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় মিস্টার চ্যাং সিয়াও জুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে খনির ১৪০৫ নম্বর ফেজ থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ১৪০৫ নম্বর ফেইজে একটি দলের সঙ্গে কাজ করছিলেন চীনা ওই শ্রমিক। নির্ধারিত শিফটের কাজ শেষে দলের অন্য সদস্যরা ভূগর্ভ থেকে ওপরে ফিরে এলেও তিনি ফিরে আসেননি। বিষয়টি সহকর্মীরা খনির কন্ট্রোল রুমে জানান। পরে উদ্ধারকারী দল ভূগর্ভের একটি সড়ক থেকে তাকে উদ্ধার করে ওপরে নিয়ে আসে।
বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারের পর চ্যাং সিয়াও জুনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়া তার মৃত্যু কারণ জানা যায়নি এবং শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্নও ছিলো না।
তিনি জানান, নিহত শ্রমিকের মরদেহের বিষয়ে চীনা কনসোর্টিয়াম তাদের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন