দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে যাত্রাপালা অনুষ্ঠানে যুবসমাজকে সম্পৃক্ত রাখার আহ্বান জানিয়েছেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের শাহাডুবি বানিয়াপাড়া কালী মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত যাত্রাপালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছহিমদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, যাত্রাপালা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে যুবসমাজকে গড়ে তুলতে হবে। তরুণদের মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে হলে তাদের সৃজনশীল ও বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। মাদক ও জুয়া আমাদের সমাজের শত্রু। তাই একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম নির্বাচনের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে বটগাছের ছায়ায় আগলে রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে রক্ষা করে চলেছেন। অসাম্প্রদায়িক বীরগঞ্জের সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে তিনি সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থানই আমাদের বীরগঞ্জের সবচেয়ে বড় শক্তি।
বক্তব্যের একপর্যায়ে আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি উপস্থিত সবার সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
স্থানীয়দের অংশগ্রহণে যাত্রাপালা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে মনে করেন আয়োজক ও স্থানীয়রা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন