দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে স্লেজিংকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদ হল মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের মধ্যকার খেলায় কৃষি অনুষদ বিজয়ী হয়। খেলা শেষে মাঠের এক পাশে কৃষি অনুষদের শিক্ষার্থীরা বিজয় উদযাপন করছিলেন। অন্য পাশে অবস্থান করছিলেন ডিভিএম অনুষদের শিক্ষার্থীরা। এ সময় কৃষি অনুষদের এক শিক্ষার্থী পরাজিত দলের শিক্ষার্থীদের উদ্দেশে স্লেজিং ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে কৃষি অনুষদের শিক্ষার্থীদের বিরুদ্ধে ডিভিএম অনুষদের কয়েকজন শিক্ষার্থীকে কোমরের বেল্ট খুলে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম বলেন, “আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন