বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। চলমান সংসদ অধিবেশনেই বিলটি উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র বা ‘শিক্ষা হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষার একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে। এ সময় আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলে জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহার ও এর সঠিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের এ বিষয়ে উৎসাহী করতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অসামান্য গবেষণা অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন