সবুজে ঘেরা সুসজ্জিত মনোরম পরিবেশে গড়ে উঠা ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ।
সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। পাসের এবং জিপিএ-৫ প্রাপ্তির হারেও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলে টানা দ্বিতীয়বারের মতো প্রথমস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে জাতীয় পর্যায়ের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারের পরিসংখ্যানেও তৃতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেছে কলেজটি।
এনিয়ে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে দেশ সেরা স্বীকৃতি অর্জনের আশা জেগে উঠেছে।
আজ বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্য, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলনে করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতাউর রহমান তুলে ধরেন এই সাফল্যের নেপথ্যের নানা পরিকল্পনার কথাও।
এর মধ্যে রয়েছে- নিয়মিত পাঠ মূল্যায়ন, ডিজিটাল হাজিরা, ব্যবহারিক ক্লাস, গ্রুপ ডিসকাশন, লাইব্রেরি কার্যক্রম এবং নিয়মিত পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের কাউন্সেলিং ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এরপর থেকেই ময়মনসিংহ অঞ্চলে পর্যায়ক্রমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখাসহ পূর্ণাঙ্গ ডিজিটাল পদ্ধতিতে পাঠ দান করা হচ্ছে।
আর এ কারণেই অতীতের মতো ২০০৭ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছিল কলেজটি।
২০০৮ শিক্ষাবর্ষে এই কলেজের ৫২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে এবং ৩৯ জন বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
বুয়েট ভর্তি পরীক্ষায় একাধিকবার দ্বিতীয় স্থান, মেডিকেল ভর্তি পরীক্ষায় নবম স্থান এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় প্রথম ও ষষ্ঠস্থান অর্জনের মতো কৃতিত্ব রয়েছে এই কলেজের শিক্ষার্থীদের।
এরপর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলেও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অর্জন করার পর টানা দ্বিতীয় বারের মতো ২০২৬ সালে শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হারেও শীর্ষস্থান ধরে রেখে বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়ে কলেজটি জাতীয় পর্যায়ে দ্বিতীয়স্থান অর্জনের স্বীকৃতিও রয়েছে প্রতিষ্ঠানটির সাফল্যের ঝুলিতে।
কলেজটির একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরে অধ্যক্ষ আরও জানান, প্রতিবছর এই কলেজের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন।
এছাড়াও কলেজের সাবেক শিক্ষার্থীরা এখন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, চিকিৎসা, প্রকৌশল ও সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি নাসা, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন।
গবেষণায় পৃথিবী সেরা বিজ্ঞানীর তালিকায় স্বীকৃতি পেয়েছে কলেজটির সাবেক শিক্ষার্থী প্রফেসর ড. সাইদুর রহমান।
পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং ২০২৫ সালের পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জনও প্রতিষ্ঠানটির সাফল্যের অংশ।
অধ্যক্ষ জানান, পরীক্ষার আগে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে নির্দিষ্ট শিক্ষকের অধীনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে।
এসব শিক্ষক নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যক্তিগত সমস্যার খোঁজ রাখেন।
পাশাপাশি প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার পর বিশেষ ক্লাস, পুনরাবৃত্তিমূলক পাঠদান এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করা হয়।
সেই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বাড়াতে ইন-হাউজ প্রশিক্ষণ ও মাইক্রোটিচিং কার্যক্রম চালু রয়েছে। কলেজের চারটি ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগারসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন, ক্যান্টিন, খেলার মাঠ, সুপেয় পানি, মেয়েদের পৃথক কমন রুম, ফার্স্ট এইড ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রয়েছে।
এছাড়াও শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তঃকলেজ ফুটবল, ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা।
বিতর্ক, ভাষা প্রতিযোগিতা ও গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায়ও রয়েছে সাফল্য। নিয়মিত সমাবেশ, জাতীয় সংগীত ও শপথ পাঠ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলেজ বার্ষিকী প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে।
তবে কলেজের এই অর্জনের পেছনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, গভর্নিং বডির চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের কঠোর সাধনা এবং অভিভাবকদের আন্তরিক সমর্থন বিশেষ ভূমিকা রেখেছে, বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিএম আব্দুল্লাহ রনিসহ শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে কলেজটিতে ৩৬ জন শিক্ষকের তত্ত্বাবধানে ৭০০ শতাধিক শিক্ষার্থী নিয়ে পাঠ কার্যক্রম চলছে। এছাড়াও কলেজটিতে তৃতীয় শ্রেণির ৬ জন এবং চতুর্থ শ্রেণির ২১ জন কর্মচারী কর্মরত রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন