বিবেক-বাংলা ডেস্ক,
কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারভুক্ত সব আসামিকে অভিযুক্ত করে অবিলম্বে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাঁরা স্মারকলিপি প্রদান করেন।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোগলবাসা কেকতিরপাড় গ্রামের অটোচালক জাহিদ হাসান বশিরকে ডেকে নেওয়া হয়। আসামি আসাদুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ডেকে নিয়ে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তবে বাদীপক্ষের অভিযোগ, ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, তাতে এজাহারভুক্ত সাতজনের মধ্যে কেবল ১ নম্বর আসামিকে রেখে বাকি ছয়জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনে নতুন কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়।
পুলিশ সুপার বরাবর দেওয়া আবেদনে বাদীপক্ষ উল্লেখ করে, ঘটনার স্থান ছিল মূল আসামির বাড়ির আঙিনা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে জাহিদকে হত্যা করা হয়। এজাহারের বিবরণ ও ঘটনাস্থলের আলামত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে প্রধান আসামির পরিবারের সদস্যদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়। কিন্তু প্রধান আসামি জিজ্ঞাসাবাদে নিজের পরিবারের সদস্যদের বাঁচাত বন্ধুদের নাম উল্লেখ করেন এবং তদন্ত কর্মকর্তা সেই অনুযায়ী পরিবারের ছয় সদস্যকে বাদ দিয়ে বন্ধুদের অভিযুক্ত করেন।
অভিযোগে আরও বলা হয়, নিহত জাহিদ হাসানের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং একাধিকবার সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। বাদীপক্ষের আশঙ্কা, তদন্তে এসব গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে বিবেচনায় না নেওয়ায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন।
এ অবস্থায় মামলার সকল দিক পুনরায় খতিয়ে দেখা, বাদ পড়া আসামিদের সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই করা এবং একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোছা. আয়শা বেগম, আরিফা বেগম, মো. খায়রুজ্জামান ও আল-আমীন মিয়া।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন