লক্ষ্মীপুরের রামগতিতে একটি নলকূপ থেকে গত এক সপ্তাহ ধরে পানি ও গ্যাস বের হচ্ছে। সেই গ্যাসে আগুনও জ্বলছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় করছেন।
উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনিতে মো. আবদুল্লাহর বাড়ির সামনে স্থাপন করা নলকূপটিতে এ ঘটনা ঘটেছে।
আবদুল্লাহ জানান, প্রায় দুই মাস আগে তিনি নলকূপটি স্থাপন করেন। তবে শুরুতে এটি থেকে প্রয়োজনীয় পরিমাণ পানি পাওয়া যাচ্ছিল না। এ কারণে নলকূপটি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন তিনি। এরই মধ্যে প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ নলকূপটি দিয়ে পানি উঠতে শুরু করে। একইসঙ্গে গ্যাসও বের হতে থাকে।
তিনি আরও জানান, বর্তমানে কোনো ধরনের হাতল নাড়ানো বা পাম্প করা ছাড়াই নলকূপটি দিয়ে অবিরাম পানি ও গ্যাস বের হচ্ছে। অনেকটা ঝরনার মতো পানি বের হচ্ছে সেখান থেকে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেন এবং ফেসবুকে শেয়ার করেন। এমন অস্বাভাবিক ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা প্রয়োজন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম জানান, সাধারণত শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। বর্ষায় অতিবৃষ্টির কারণে পানির স্তর বেড়ে যায়। ভূগর্ভে পানির চাপ বেড়ে গেলে পাম্প ছাড়াই নলকূপ দিয়ে পানি বের হতে পারে। তবে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন