ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত জরিপে পরিদর্শিত প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশে পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ বৃহস্পতিবার নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান প্রবণতা : জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগে ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জরিপে পরিদর্শিত প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে, যা উদ্বেগজনক।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে শুধু প্রচারণার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়।
প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং এসির পানি জমার স্থানসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের ৫০ শতাংশ করে দায়িত্ব রয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরও বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি কর্পোরেশন, সামাজিক সংগঠন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে ডিএসসিসি সহযোগিতা করবে।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তারা। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সেমিনারে মশার জীবনচক্র ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআরবি’র সিনিয়র সায়েন্টিস্ট ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সিনিয়র এন্টোমোলজিস্ট (পিআরএল) মো. রেজাউল করিম খান।
জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর মশক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিএসসিসি নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন