রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় আরএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধের চিত্র, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি এবং মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
মহিলা চেম্বার অব কমার্স ও হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার অপরাধ দমনে নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।
দ্রুত মামলা নিষ্পত্তির স্বার্থে মেডিকেল ও ফরেনসিক প্রতিবেদন যথাসময়ে সরবরাহ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
এ ছাড়া, বাস টার্মিনাল এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সেবনসহ নাশকতামূলক বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাস মালিক সমিতির প্রতিনিধিদের টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান পুলিশ কমিশনার।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন