সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে জানান, গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন সাহেদ আলী।
স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে ভুগছিলেন তিনি। বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে সাহেদ আলীকে দাফন করা হবে।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পেয়েছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
তার প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।
অসুস্থতার কারণে আটকে যায় দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের কথা ছিল এই শিল্পীর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন