ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলেও তেমন সুন্দর ও পরিকল্পিত ফুটবল খেলতে পারেনি। আজ অবশ্য তারা শুরু থেকেই দারুণ খেলছে। পাঁচ মিনিটে হামজা বক্সের সামনে ফ্রি কিক থেকে শট নেন। একটু উপর দিয়ে যায় সেটি।
বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। কয়েক মিনিট পর হামজা আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।
হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।
হামজা প্রথম গোলে ছিলেন যোগানদাতা। দ্বিতীয় গোল নিজেই করেছেন। ইব্রাহিমের বাড়ানো বলে হামজা দারুণ দক্ষতায় বক্সে নিয়ন্ত্রণ নেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে আরও সামনে আগান। লঙ্কান গোলরক্ষক পেরেরা সামনে আসলেও বল রুখতে পারেননি। হামজা তার পাশ দিয়ে জোরালো শটে বল জালে পাঠান। বাংলাদেশের জার্সিতে হামজার এটি পঞ্চম গোল। তিনি এর আগেও গোল পেতে পারতেন। বক্সের মধ্যে দারুণ দক্ষতায় কাটিয়ে ব্যাক হিল করেন। পোস্টের একটু উপর দিয়ে বল বাইরে যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন