সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলার আহ্বায়ক আল মামুন। তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রিসভায় আরও অনেক দক্ষ ও যোগ্য ব্যক্তি রয়েছেন। তাদের কাউকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। দেশের মানুষ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে চায় না।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রংপুর জেলা এনসিপির উদ্যোগে মশাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন আল মামুন।
নগরীর টাউন হল এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও জীবনবীমার মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় ‘যুবলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ এবং ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’—এমন বিভিন্ন স্লোগান দেন তারা।
আল মামুন বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বাড়িটি পরিত্যক্ত ছিল এবং সেখানে গরু-ছাগল ছিল। তার প্রশ্ন, দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার শপথ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোন বাড়ি পরিত্যক্ত, কোন বাড়িতে কাজের লোক থাকেন কিংবা কোন বাড়িতে সংসদ সদস্য থাকেন, তা দেখার বিষয় নয়। বরং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হচ্ছে এবং সাধারণ মানুষ কেন আতঙ্কিত, তা দেখাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন