রংপুর নগরীর নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি চলন্ত ডাম্প ট্রাক সড়কের পাশে বাড়ির ওপর উল্টে পড়ে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহত শিশুর গর্ভবতী মা।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরের দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিনথিয়া ওই গ্রামের পিন্টু মিয়ার প্রথম কন্যাসন্তান। সে তৃতীয় শ্রেণিতে পড়ত। ঘটনার পর ডাম্প ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে বাড়িটি ভেঙে যায় এবং ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতরে থাকা তৃতীয় শ্রেণির ওই ছাত্রী ও তার মা আশা মনি চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গর্ভবতী মা আশা মনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে উত্তেজিত এলাকাবাসী ডাম্পারের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন