পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গণমাধ্যম কর্মীর স্ত্রী-মেয়েসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে।
তারা হলেন- সাংবাদকি আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাদের ৮ বছর বয়সী কন্যা আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে মাহমুদা ও তার মেয়ে সম্প্রীতি রংপুরে এবং প্রমিলা ঠাকুরগাঁয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বিকেলে যাত্রীবোঝাই থ্রি হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দীঘি এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে যায় হুইলারটি। এসময় আট যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মাহমুদা আক্তার ও তার মেয়ে আল আকসাসহ পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়।
অন্য আহতরা হলেন- উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের মধ্যে এক জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি এবং আরেক জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন