যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে এনেছে ইরান। মাটির নিচে থাকা এই মিসাইল সিটির ভেতর বিপুল পরিমাণ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং এগুলো ছোড়ার লঞ্চ সিস্টেম আছে।
এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন তাসনিম নিউজ ও ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স মঙ্গলবার (১০ নভেম্বর) এই নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। তারা এই স্থাপনাটির দৃশ্য সম্বলিত কিছু ফুটেজ প্রকাশ করেছে, যেখানে উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের কমপ্লেক্সটি ঘুরে দেখতে দেখা যায়।
অবশ্য, ইরানি মিসাইলের এই ‘গোপন ভাণ্ডার’ কোথায় অবস্থিত এবং এর ভেতরে কত অস্ত্র আছে, তা প্রকাশ করা হয়নি। এটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মৌসাভি।
অ্যারোস্পেস ফোর্সের প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের সব মিসাইল ও ড্রোন উৎপাদন কারখানা মাটির নিচে নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যেন তাদের ড্রোন ও মিসাইল উৎপাদন ব্যহত করতে না পারে সেজন্যই এমন পরিকল্পনা করছে তেহরান। আর জেনারেল আলি আব্দুল্লাহি শত্রুপক্ষকে হুঁশিয়ার করে বলেন, ইরান যদি নতুন করে হামলার শিকার হয়, তবে তারা মধ্যপ্রাচ্যের বাইরেও তাদের প্রতিশোধমূলক কার্যক্রম বিস্তৃত করতে পারে।
তিনি বলেন, শত্রু যদি আমাদের বিরুদ্ধে আবারও কোনো পদক্ষেপ নেয়, তবে আমাদের প্রতিক্রিয়া এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে যাবে। এর আগে, গত শনিবার (৭ নভেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, আইআরজিসি একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করবে।
মোহেব্বি আরও জানিয়েছিলেন, বিমান হামলা থেকে রক্ষা পেতে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী তাদের কিছু ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ভূগর্ভে সরিয়ে নিয়েছে।
তিনি আরও সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হলে ইরান এমন কিছু অস্ত্র মোতায়েন করতে পারে, যা আগে প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ইরান বহু বছর ধরেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলেছে, যাকে তারা ‘মিসাইল সিটি’ বা ‘ক্ষেপণাস্ত্র শহর’ বলে অভিহিত করে। মূলত বিমান হামলা থেকে নিজেদের অস্ত্রভাণ্ডারকে সুরক্ষিত রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই এগুলো তৈরি করা হয়েছে।
গত বছরের যুদ্ধের সময়, তেহরানের পাল্টা হামলার সক্ষমতাকে দুর্বল করার লক্ষ্যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সংরক্ষণাগার এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ওপর আঘাত হেনেছিল ইসরায়েল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন