নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রবিরোধী লিফলেট ও প্রচারসামগ্রী তৈরির অভিযোগে মো. আশিকুর ইমন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৪ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে গাইবান্ধা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার জেলা পরিষদ মোড়ের সামনে ২ নম্বর রেলগেটসংলগ্ন ‘রাইট ট্র্যাক অনলাইন’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় আশিকুর ইমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশিকুর ইমন গাইবান্ধা সদর উপজেলার থানাপাড়া এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের লিফলেট তৈরি করছিলেন আশিকুর ইমন। এ ছাড়া ২০২৬ সালের ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার প্রচারণার উদ্দেশ্যে লিফলেট প্রস্তুত করছিলেন বলে পুলিশের দাবি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন