‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ শ্লোগানে নীলফামারীতে শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামুল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও পরামর্শ কর্মসূচির আয়োজন করে নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল। সকালে ডায়াবেটিক হাসপাতাল থেকে শুরু করে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিনের সভাপতিত্বে সভায় ডায়াবেটিস রোগ ও শনাক্ত এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন নীলফামারী ডায়াবেটিক হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার উল করিম। বক্তব্য দেন সমিতির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল জাকি স্টালিন, অর্থ সম্পাদক ডা. আব্দুল মজিদ, কার্য নির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম ও আব্দুল ওয়াহেদ সরকার, হাসপাতালের চিকিৎসক ডা. রোজিনা আখতার, ডা. জয়শ্রী রানী সরকার, ডা. মো. মাসুদ রব্বানী, ডা. রাহেনা আখতার খুশি ও নিউট্রিশনিষ্ট মোছা. মেনহাজ শারমীন।
আলোচনা সভায় ডা. আনোয়ার উল করিম বলেন, দিন দিন ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। খাদ্যাভাস পরিবর্তন ও শৃঙ্খলা মেনে না চললে এ রোগের হাত থেকে রেহাই পাওয়া কষ্টকর। তিনি আরো বলেন, এখানে যারা আসেন তাদের মধ্যে অর্ধেকেই ডায়াবেটিসের উপসর্গ পাওয়া যায়। আমাদের সচেতন হতে হবে, না হলে আমরা নিজের ক্ষতি নিজেরাই করে ফেলবো এজন্য ডায়াবেটিস আছে কিনা তা প্রত্যেককে জানা উচিত। সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন বলেন, সমিতির আওতায় রোগীর সংখ্যা ১২হাজারেরও বেশি। প্রয়োজনীয় পরামর্শ, স্বল্প মুল্যে চিকিৎসা প্রদান এবং গরীব রোগীদের আমরা ফ্রিতে ইনসুলিন দিয়ে থাকি।
তিনি বলেন, ডায়াবেটিস সচেতনতায় ইউনিয়ন পর্যায়ে ফ্রি ক্যাম্প করা হয়ে থাকে এবং রোগ নির্ণয়ের পর তাকে আমরা চিকিৎসা আওতায় নেই। সমিতি সুত্র জানায়, দিবস উপলক্ষে সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮৮৯জনের রক্ত পরীক্ষা করে ১১৭জনের ডায়াবেটিক শনাক্ত করা হয়। যা বিনামুল্যে করে ডায়াবেটিক সমিতি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন