দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের বড়বোচাপুকুর গ্রামে নিবন্ধিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। এছাড়াও উপস্থিত ছিলেন ডরিস লিয়া হাসদা, প্রোগ্রাম অফিসার; সরলা মুর্মু, স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার; এবং শ্যামল চন্দ্র রায়, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি।
উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সার্বিক বিকাশ ও কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হতদরিদ্র পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং সঞ্চয়মুখী অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে নানা ধরনের পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে। তাদের কার্যক্রম দেখে আমি অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট। ভবিষ্যতেও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরও সুন্দর ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশা করি। এ ধরনের উদ্যোগে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে নিবন্ধিত শিশু ও তাদের অভিভাবকরা এ উদ্যোগের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা মনে করেন, এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।