এসএসসি পরীক্ষায় রংপুর মহানগরীর ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর গ্রুপের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)।
রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবি চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নিখেলেন্দ্র গুহ রায়, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার ও অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতাহুল জান্নাত। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবি চৌধুরী বলেন, বড় স্বপ্ন দেখো বড় মানুষ হওয়ার চেষ্টা করো। তোমাদের সাফল্যে গর্বিত রংপুর ও তোমাদের পরিবার। তোমরাই হবে আগামীর বাংলাদেশের উজ্জ্বল মানুষ।
তিনি আরও বলেন, আজকের এই সংবর্ধনা অনুপ্রেরণার সিড়ি। তোমাদের আগামীর স্বপ্নজয়ে এই সিড়ি সবসময় অনুপ্রাণিত করবে। মেধার সঙ্গে সাহস যুক্ত হলে তৈরি হয় ইতিহাস, তোমরা সুন্দর বাংলাদেশের জন্য সেই রকম ইতিহাস গড়বে, এটাই আমাদের চাওয়া।
মাহফুজ উন-নবি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশ হবে মাদকমুক্ত, যে বাংলাদেশ হবে সবুজ-শ্যামল পরিচ্ছন্ন বাংলাদেশ। এ সময় তিনি পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রংপুর মহানগরী গড়ার প্রচেষ্টায় তরুণ শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে আহ্বান জানান।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান বলেন, বর্তমানে অভিভাবকরা শিক্ষার্থীদের ওপর তাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন। এধরনের মানসিকতা থেকে অভিভাবকদের বের হয়ে আসতে হবে। কোন শিক্ষার্থীর মধ্যে যদি অন্য কোন সৃজনশীল চিন্তাভাবনা থাকে। চূড়ান্ত সফলতা ওই শিক্ষার্থীর কাছ থেকে আসা সম্ভব বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে সংবর্ধিত ক্যানটনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অরণ্যক পাল প্রাচুর্য বলেন, এমন আয়োজনে আমড়া আবেগে আপ্লুত। কারণ রংপুর মেডিকেল কলেজ হলরুমে আয়োজন করায় আমাদের মেডিকেলে পড়ার স্বপ্নবোধ মনের মধ্যে উঁকি দিচ্ছে। আমাদের এই আয়োজন আগামীতে আরও ভালো কিছু অর্জনে অনুপ্রাণিত করবে।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী হাসনাত খান বলেন, এত বড় আয়োজনে আমাদেরকে সংবর্ধনা দেওয়ায় আমড়া গর্বিত। বিশেষ করে সিটি করপোরেশনের এই উদ্যোগ আমাদের ভালো লেগেছে। আমড়া পড়ালেখার পাশাপাশি পরিকল্পিত নগরায়নে সিটির প্রশাসকের আহ্বানে একসাথে ভবিষ্যতে কাজ করব ইনশাআল্লাহ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন