দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার রুবেল নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের আলামত। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেছে থানা পুলিশের। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম তালুকদার রুবেল (৫০) ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
জানা গেছে, তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন রফিকুল। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন।
নিহতের বড় ভাই সাইদুল ইসলাম বলেন, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে তার বাড়ির দরজা খোলা দেখতে পান। আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির দরজার সামনে ফিরে এসে ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন