গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেন তারা।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে শহরের আশপাশে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দুপুরে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষও এতে যোগ দেন।
তাদের সঙ্গে সাধারণ মানুষও বিক্ষোভে অংশ নেন। এ সময় শত শত নারীকে ঝাড়ু হাতে সড়কে নামতে দেখা যায়। বিক্ষোভকারীদের কারও কারও হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রও ছিল। বিক্ষোভ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে খুলে দেওয়া হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীদের একাংশ কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
এরপর কলেজের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। একইভাবে জেলা প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
পরে বিক্ষোভকারীরা ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে দলীয় স্লোগান দেন তারা।
বিক্ষোভ চলাকালে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। এ ছাড়া পুলিশের একটি এপিসিতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নামফলক টাঙিয়ে দেওয়া হয়েছে।
বিক্ষোভ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার নতুন করে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি সূত্র জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভকে কেন্দ্র করে জেলা শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন