রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা দুইটায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনী উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব-২০২৭ এর আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দিন মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত আলম।
এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব ও সিনিয়র শিক্ষক মো. আব্দুল্লাহ্ আল-হারুন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও রংপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, প্রাক্তন শিক্ষক আফজালুল হক, আয়োজক কমিটির অর্থ সচিব ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, প্রচার উপ-কমিটির আহ্বায়ক ফরহাদুজ্জামান ফারুক, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক সংগীতশিল্পী হৃদয় জেজেসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো. আলাউদ্দন মিঞা বলেন, আদর্শ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ববর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর মতো অনেক গুণি মানুষ এই বিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। আমাদের পুনর্মিলনী উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করবে।
তিনি আরও বলেন, আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান যেন জাতীয়করণ করা হয়, সেজন্য আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে।শিক্ষার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর পুনর্মিলনী উৎসবের মতো আয়োজন নতুন প্রজন্মকে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে এবং নিজেদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত আলম জানান, প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের ৮৮ বছরপূর্তি উদযাপন ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে আগামী ৯ জানুয়ারি ২০২৭ শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী উৎসবে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
আয়োজক কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লাহ্ আল-হারুন বাপ্পি বলেন, দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের একত্রিত করার এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ায় পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতিতেও নতুন গতি এসেছে। এ পুনর্মিলনী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন করে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন তৈরি করবে।
রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকসহ স্থানীয় যারা মৃত্যবরণ করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। একই সাথে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চাঁদনী আক্তারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
রংপুর নগরীর প্রাণকেন্দ্র আলমনগর মৌজায় কলেজ রোডে ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের দীর্ঘ আট দশকের বেশি সময়ের গৌরবময় পথচলার স্মৃতি ধারণ করে আয়োজিত এ পুনর্মিলনী উৎসবকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উৎসবে অংশ নিতে অনলাইনে এবং সরাসরি বিদ্যালয়ে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://adarshian.com/events এই ওয়েব সাইটে। রেজিস্ট্রেশন চলবে আগামী মাসের ১৫ ডিসেম্বর পর্যন্ত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন